অস্ত্র মামলায় ইসমাইল হোসেন সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

অবৈধভাবে বিদেশি পিস্তল ও গুলি রাখার দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Oct 28, 2025 - 15:03
 0  2
অস্ত্র মামলায় ইসমাইল হোসেন সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি, সংগৃহিত

 মেঘনাবার্তা প্রতিনিধি: অবৈধভাবে বিদেশি পিস্তল ও গুলি রাখার দায়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া অস্ত্র আইনের মামলায় এ রায় ঘোষণা করেন। সম্রাটকে পলাতক আসামি হিসেবে অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর রমনা মডেল থানায় সিআইডির উপপরিদর্শক রাশেদুর রহমান মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, কাকরাইলের ‘মেসার্স হিস মুভিজ’ নামের প্রতিষ্ঠানে বসে সম্রাট মতিঝিল, ফকিরাপুল, পল্টন ও কাকরাইল এলাকায় অবৈধ কার্যক্রম পরিচালনা করতেন।

তিনি ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত সময়ে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করেন এবং সহযোগী এনামুল হক আরমানের মাধ্যমে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অর্থ পাচার করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, সম্রাট প্রায় ১৯৫ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তিনি ৩৫ বার সিঙ্গাপুর, তিনবার মালয়েশিয়া, দুবার দুবাই এবং একবার হংকং ভ্রমণ করেন। আরমান একই সময়ে ২৩ বার সিঙ্গাপুরে যান।

২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের নিয়ে কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।

বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। পরদিন র‌্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর অস্ত্র মামলায় এবং একই বছরের ৯ ডিসেম্বর মাদক মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। বর্তমানে অস্ত্র মামলার পাশাপাশি মাদক, মানি লন্ডারিং ও দুদকের মামলাও বিচারাধীন রয়েছে।

দুদকের করা মামলায় সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলা করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২০১৯ সালের ১২ নভেম্বর।

আদালতের রায়ের ফলে একসময়ের প্রভাবশালী যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এখন দেশের অন্যতম আলোচিত দণ্ডপ্রাপ্ত আসামিতে পরিণত হয়েছেন।

এমবি এইচআর