ব্যক্তিগত কারণ নয়, ‘অসন্তুষ্টি’ থেকেই পদত্যাগ সালাউদ্দিনের

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষেই এই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন তিনি।

Nov 5, 2025 - 11:28
 0  2
ব্যক্তিগত কারণ নয়, ‘অসন্তুষ্টি’ থেকেই পদত্যাগ সালাউদ্দিনের
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষেই এই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন তিনি। বিসিবিতে ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন।

আজ মঙ্গলবার তিনি মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন,
“আমি বিসিবিতে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। আজ সশরীরে গিয়ে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। তবে আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত আমি দায়িত্বে থাকব। নোটিশ পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত কাজ করব।”

হঠাৎ পদত্যাগের কারণ জানতে চাইলে সালাউদ্দিন প্রথমে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করলেও পরে বলেন,
“কোচিং করানোটা আমার উপভোগের জায়গা। মাঠই আমার জীবন। কিন্তু যদি কোনো কারণে সেটি আর উপভোগ না করতে পারি, তাহলে সরে যাওয়াই ভালো। আমি এখন আমার দায়িত্বটা উপভোগ করছি না।”

যদিও তিনি প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন, তবে বিসিবির একটি সূত্র বলছে, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের সঙ্গে গত কয়েক মাস ধরে তাঁর সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল।

সম্প্রতি বিসিবি মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়, যা নিয়ে ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মনে করছেন, তাকে সরাসরি জাতীয় দলে নেওয়া প্রক্রিয়াগতভাবে সঠিক হয়নি। সালাউদ্দিন অবশ্য বিষয়টি নিয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছেন এবং বলেছেন, “এটি স্বাভাবিকভাবে নিয়েছি।”

তবে ভেতরের অনেক বিষয় নিয়েই ক্ষোভ জমেছিল তার মনে। কাগজে-কলমে ব্যাটিং কোচ না হয়েও ব্যাটিং ব্যর্থতার দায়ভার তাঁকেই নিতে হয়েছে। এমনকি উইকেটকিপার নির্বাচন নিয়েও মতবিরোধ হয় তার সঙ্গে টিম ম্যানেজমেন্টের। আফগানিস্তান সিরিজে তিনি নুরুল হাসানকে কিপিং করাতে চাইলেও, অধিনায়ক জাকের আলীর সিদ্ধান্তে জাকেরই কিপিং করেন, সেখানে প্রধান কোচও হস্তক্ষেপ করেননি।

সব মিলিয়ে মানসিক চাপ ও অসন্তুষ্টি থেকেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও সালাউদ্দিন আবার ঘরোয়া ক্রিকেটে ফিরবেন, এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। আসন্ন বিপিএল মৌসুমে তাঁকে কোনো দলের কোচ হিসেবে দেখা যেতে পারে।

এমবি এইচআর