এবারের শীত মৌসুমে শৈত্যপ্রবাহে কাবু হতে পারে দেশবাসী

Nov 3, 2025 - 17:45
 0  4
এবারের শীত মৌসুমে শৈত্যপ্রবাহে কাবু হতে পারে দেশবাসী

মেঘনাবার্তা আবহাওয়া ডেস্ক: এবারের শীত মৌসুমে একের পর এক শৈত্যপ্রবাহে কাবু হতে পারে দেশবাসী। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে অন্তত ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ৩টি হবে তীব্র শৈত্যপ্রবাহ।

রবিবার রাতে প্রকাশিত মৌসুমি পূর্বাভাসে জানানো হয়, এবারের শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে।
শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশা, হালকা বৃষ্টিপাত ও তাপমাত্রার ওঠানামা দেশের উত্তর ও মধ্যাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়াবিদ মমিনুল ইসলাম জানান, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে।
তিনি আরও বলেন,“সাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এখন থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে।”

পূর্বাভাসে আরও বলা হয়,

  • ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা নামবে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

  • এর মধ্যে উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, তখন পারদ নামতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

এছাড়া নভেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এই সময় সাগরে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, উত্তরাঞ্চল ও হিমালয়ঘেঁষা এলাকায় এবার শীতের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে।
ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত হতে পারে মৌসুমের সবচেয়ে ঠাণ্ডা সময়।

আবহাওয়াবিদদের আশঙ্কা, এবারের শীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নওগাঁ, নাটোর ও রাজশাহী।

এমবি/এসআর