নারায়ণগঞ্জে প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কারমাঠ এলাকায় একটি পরিত্যক্ত স্থানে একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Oct 7, 2025 - 17:34
 0  2
নারায়ণগঞ্জে প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কারমাঠ এলাকায় একটি পরিত্যক্ত স্থানে একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং মরদেহের পরিচয় শনাক্তের লক্ষ্যে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ঘটনাস্থলে উপস্থিত ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মরদেহটি একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

এমবি/টিআই