ময়মনসিংহে পারিবারিক ঝগড়া থেকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পরকীয়া সম্পর্কের জের ধরে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে ইকবাল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

Oct 19, 2025 - 12:05
 0  2
ময়মনসিংহে পারিবারিক ঝগড়া থেকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পরকীয়া সম্পর্কের জের ধরে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে ইকবাল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে। এ ঘটনায় রোববার সকাল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রঘুরামপুর গ্রামের সাদ্দাম হোসেনের সঙ্গে ইকবালের পরিবারের ঝগড়া বাধে। একপর্যায়ে সাদ্দাম ছুরি দিয়ে ইকবালের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, পরকীয়া সম্পর্ক দেখে ফেলা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের বুকে গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে, জড়িতদের আটকেও চেষ্টা চলছে।”

এমবি/টিআই