নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা
মেঘনাবার্তা প্রতিনিধি: আগামী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত পুনরায় চালু হচ্ছে। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য দ্বীপটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।
তিনি বলেন,“১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকরা। তবে সেখানে রাতযাপনের অনুমতি দেওয়া হবে কিনা, তা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
প্রসঙ্গত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশ রক্ষার স্বার্থে গত ৯ মাস ধরে সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশ বন্ধ ছিল।
সরকারি সূত্রে জানা গেছে, এবার পর্যটক প্রবেশে কঠোর নিয়ম কার্যকর থাকবে। দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনা, সীমিত সংখ্যক দর্শনার্থী এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার ওপর জোর দেবে প্রশাসন।
দীর্ঘ বিরতির পর আবারও সেন্ট মার্টিন খুলে দেওয়ার খবরে স্থানীয় হোটেল-মালিক ও ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তবে পরিবেশবিদরা বলছেন, পর্যটন কার্যক্রম যেন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না করে—সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এমবি/এসআর

