ফরিদপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক নিহত
ফরিদপুরের সালথা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফুকরা ঈদগাঁয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এস এস ইব্রাহিম শেখ (৪৬) সালথার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া উচ্চবিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক ছিলেন। তিনি মাঝারদিয়া ইউনিয়নের কাকদী গ্রামের আবদুর রউফ শেখের ছেলে। ইব্রাহিম বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে যোগারদিয়া স্কুল থেকে মোটরসাইকেল চালিয়ে উপজেলা কমপ্লেক্সের দিকে যাচ্ছিলেন ইব্রাহিম। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
আহত অন্য মোটরসাইকেল আরোহী বাশার খালাসী (৪০) সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের বাসিন্দা। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
যোগারদিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস বলেন, “ইব্রাহিম স্যার ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও জনপ্রিয় শিক্ষক। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমবি/টিআই

