শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে এক শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে এক ট্রাফিক পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২০ অক্টোবর) বন্দর উপজেলার রুপালি জান্নাত মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে
মেঘনাবার্তা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে এক শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে এক ট্রাফিক পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২০ অক্টোবর) বন্দর উপজেলার রুপালি জান্নাত মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার আসামি হলেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মো. শেখ সাদীর ছেলে মো. রুহুল আমিন (৪১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর দুপুরে আসামি রুহুল আমিন ঢাকার কলাবাগান এলাকা থেকে ভুল বুঝিয়ে শিশুটিকে বন্দর উপজেলার রুপালি জান্নাত মসজিদ গলির সিরাজের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। রাতে ভুক্তভোগীকে পুনরায় কলাবাগানে দিয়ে আসার সময় শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছলে সে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় জনতা আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং অভিযুক্ত আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে উপস্থাপন করা হচ্ছে।’
এমবি এইচআর

