সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

Oct 23, 2025 - 15:40
 0  5
সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ার আভাস দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে তামিলনাড়ু ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে। তবে এরই মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন করে আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যে।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী চার দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চট্টগ্রাম ও রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন সারাদেশেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

এমবি/এসআর