চট্টগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৮
মেঘনাবার্তা প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় মধ্যরাতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে মো. সাজ্জাদ (২২) নামে এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। সোমবার (২৭ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকার সামনে এ সংঘর্ষ ঘটে।
নিহত সাজ্জাদ নগর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা এবং চট্টগ্রাম নগরের তক্তারপুল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগরে এমদাদুল হক বাদশা ও বোরহান গ্রুপের মধ্যে একটি ব্যানার টানানো নিয়ে বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। রাতের অন্ধকারে বাদশা গ্রুপ ব্যানার খুলে ফেলতে গেলে বোরহান গ্রুপ বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে।
সাজ্জাদের বড় ভাই মো. ইমরান জানান, “মোবারক নামে একজন ফোন করে আমার ভাইকে ডেকে নেয়। কিছুক্ষণ পরই গোলাগুলি শুরু হয়, পরে জানতে পারি সে হাসপাতালে মারা গেছে।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ফাঁড়ি সূত্র।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, “ব্যানার নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
এমবি/এসআর

