সীমান্তে বাড়তি সতর্কতা জারি

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন।

Oct 29, 2025 - 13:12
 0  2
সীমান্তে বাড়তি সতর্কতা জারি

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (২৬ অক্টোবর) সকাল থেকেই অতিরিক্ত সতর্কতা কার্যকর করা হয়েছে। এখন থেকে হিলি চেকপোস্ট দিয়ে চলাচলরত পাসপোর্টধারী যাত্রীদের পরিচয় বিস্তারিতভাবে যাচাই করেই গমনের অনুমতি দেওয়া হচ্ছে।

ওসি আরও জানান, “সালমান শাহ হত্যায় জড়িত কেউ যাতে এই সীমান্ত দিয়ে দেশত্যাগ করতে না পারে, সে জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা বিশেষ নজরদারি চালাচ্ছি। যাদের নামে স্টপলিস্ট জারি হয়েছে, তারা যাতে কোনোভাবেই পালাতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর সম্প্রতি আদালত তাঁর সাবেক স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। রমনা থানায় দায়ের করা মামলায় এ ১১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
মামলার আসামিদের নাম ও তথ্য ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে পুলিশ।

এমবি/টিআই