শাহজাদপুরে প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যা! নববধূ আটক
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের প্ররোচনায় স্বামীকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাইয়ে হত্যা
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের প্ররোচনায় স্বামীকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার নন্দলালপুর গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার ও অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়।
নিহত আব্দুল করিম (২৫) ওই গ্রামের নবী মণ্ডলের ছেলে। আটক নববধূ তানজিলা খাতুন (২২) পাবনার সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাসেন আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র এক মাস আগে করিম পারিবারিকভাবে তানজিলাকে বিয়ে করেন। পরে করিমের পরিবার জানতে পারে, তানজিলার আগে থেকেই একই গ্রামের সিএনজিচালক নাহিদ ওরফে নুর আলমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বাবার বাড়িতে গেলে প্রেমিক নাহিদ তানজিলাকে বিয়ের জন্য চাপ দেন। এরপর দুজনের পরিকল্পনায় করিমকে হত্যার ষড়যন্ত্র করা হয়।
গত সোমবার (২৭ অক্টোবর) রাতে তানজিলা কৃমিনাশক ট্যাবলেটের কথা বলে স্বামী করিমকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ান। কিছু সময় পর করিমের পেটে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হলে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
শাহজাদপুর থানার ওসি আলী আসলাম বলেন, “সকালে নিহত করিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নববধূ তানজিলাকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বামীর মৃত্যুতে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।”
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত প্রেমিক নাহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমবি/টিআই

