মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী চাকরি পাচ্ছেন মেট্রোরেলে

Oct 30, 2025 - 16:08
 0  2
মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী চাকরি পাচ্ছেন মেট্রোরেলে

মেঘনাবার্তা প্রতিনিধি: রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলে চাকরি পাচ্ছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ। তিনি জানান, আইরিন আক্তার পিয়াকে প্রাথমিকভাবে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। পরবর্তীতে তার অনার্স ডিগ্রি সম্পন্ন হলে অফিসার পদে উন্নীত করা হবে।

গত রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন।

দুর্ঘটনার পর নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এদিকে নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সেতু মন্ত্রণালয়ের সচিব ও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এই নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন। নোটিশে বলা হয়, ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ ও চাকরি প্রদান না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমবি/এসআর