বসতঘর থেকে গোখরা সাপের বাচ্চা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বসতঘর থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

Nov 1, 2025 - 11:55
 0  2
বসতঘর থেকে গোখরা সাপের বাচ্চা উদ্ধার

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বসতঘর থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর এলাকায় আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের ঘর থেকে এ সাপগুলো উদ্ধার করা হয়।

এছাড়া একইদিন সন্ধ্যায় ধুম ইউনিয়নের ইয়ারহাট এলাকার একটি বসতবাড়ির ইঁদুরের গর্ত থেকে প্রায় ১১ ফুট দৈর্ঘ্যের একটি প্রাপ্তবয়স্ক পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। এসব বিষাক্ত সাপ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সাপ উদ্ধারকারী রেসকিউ টিমের সদস্য তারেক আজিজ জানান, হিঙ্গুলীর ওই বাড়িতে পরিবারের সদস্যরা প্রথমে সাপের বাচ্চা দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষ থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। উদ্ধার করা সাপগুলো বর্তমানে তার হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, একইদিন সন্ধ্যায় ইয়ারহাট এলাকার আরেকটি ঘরের নিচে ইঁদুরের গর্ত থেকে বড় আকৃতির পদ্ম গোখরা সাপটি উদ্ধার করা হয়।

এমবি/টিআই