দক্ষিণখানে জুলাইযোদ্ধা আরমানের রহস্যজনক মৃত্যু
রাজধানীর দক্ষিণখান এলাকায় নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় আরমান আহমদ শাফিন (৩৮) নামের এক জুলাইযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরের দিকে উত্তর ফায়দাবাদের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধি:
রাজধানীর দক্ষিণখান এলাকায় নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় আরমান আহমদ শাফিন (৩৮) নামের এক জুলাইযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরের দিকে উত্তর ফায়দাবাদের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরমান আহমদ শাফিন ছিলেন জুলাইযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের আহত যোদ্ধা। তার মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আরমানের পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে দেখা যায়, তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। খবর পেয়ে দক্ষিণখান থানা পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। পারিবারিক কলহ থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আরমান আহমদ শাফিন বাসায় বাবা-মা ও স্ত্রীর সঙ্গে থাকতেন। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এমবি এইচআর