একদিনের মধ্যেই বন্ধ হয়ে গেল দেশের অন্যতম প্রধান ইউরিয়া সার কারখানা

গ্যাস সংকটে টানা সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে উৎপাদন শুরু করেছিল চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে শুরু হওয়ার একদিন না পেরোতেই আবারও থেমে গেছে ইউরিয়া সার উৎপাদন।

Nov 3, 2025 - 13:05
 0  2
একদিনের মধ্যেই বন্ধ হয়ে গেল দেশের অন্যতম প্রধান ইউরিয়া সার কারখানা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

গ্যাস সংকটে টানা সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে উৎপাদন শুরু করেছিল চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে শুরু হওয়ার একদিন না পেরোতেই আবারও থেমে গেছে ইউরিয়া সার উৎপাদন। কারিগরি ত্রুটির কারণে গতকাল রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বন্ধ হয়ে যায় কারখানার উৎপাদন কার্যক্রম।

সিইউএফএলের উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী জানিয়েছেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদন শুরু হওয়ায় কারিগরি সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বর্তমানে কারখানাটি ‘স্টার্টআপ’ প্রক্রিয়ায় আছে এবং দুই–এক দিনের মধ্যেই পুনরায় উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গ্যাস সরবরাহের ঘাটতির কারণে গত ১১ এপ্রিল থেকে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ ছিল। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় রোববার ভোরে আবার উৎপাদন শুরু হয়, তবে সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায়।

কারখানা সূত্র জানায়, সিইউএফএল সচল থাকলে দৈনিক প্রায় ১ হাজার ১০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করা যায়, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকা। কিন্তু যান্ত্রিক ত্রুটি ও গ্যাস–সংকটের কারণে গত কয়েক বছর ধরে কারখানাটি প্রায়ই বন্ধ থাকে। ২০২৩–২৪ অর্থবছরে মাত্র পাঁচ দিন চালু ছিল সিইউএফএল।

১৯৮৭ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারার রাঙ্গাদিয়ায় জাপানের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত হয় এই কারখানাটি। শুরুতে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন সক্ষমতা থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ মেট্রিক টনে। পাশাপাশি কারখানাটি দৈনিক ৮০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদনের সক্ষমতাও রাখে।

সম্পূর্ণ গ্যাসনির্ভর এই কারখানাটিকে পূর্ণমাত্রায় সচল রাখতে দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় উৎপাদন বারবার ব্যাহত হচ্ছে। গত অর্থবছরে কারখানাটি প্রায় আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে।

কৃষিনির্ভর বাংলাদেশে বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে সিইউএফএলসহ বিসিআইসির কারখানাগুলো মিলে বছরে প্রায় ১০ লাখ মেট্রিক টন সার উৎপাদন করতে পারে। বাকি ১৬ লাখ মেট্রিক টন ইউরিয়া উচ্চমূল্যে আমদানি করতে হয়।

এমবি এইচআর