মালিবাগে বাসা থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
মেঘনাবার্তা প্রতিনিধি
রাজধানীর শাহজাহানপুর থানার বকশীবাগ মালিবাগ এলাকা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামের এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারী ছিলেন পোশাক শ্রমিক। পুলিশ জানায়, ঘটনার পর থেকে তার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক রয়েছেন।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক মো. মহসিন তালুকদার বলেন, খবর পেয়ে আমরা বাসার নিচতলা থেকে প্লাস্টিকের বস্তার মধ্যে বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করি। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে আশিক তার স্ত্রীকে হত্যা করেছেন। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর তিনি মরদেহ বস্তায় ভরে মুখ বাঁধেন।
নিহতের ভাই হৃদয় জানান, তার বোনের সঙ্গে আশিকের ৬ বছর আগে বিয়ে হয় এবং তাদের একটি সন্তান রয়েছে। নিহত সুরভীর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর এলাকায়।
এমবি/এসআর

