কোটালীপাড়ায় ভ্যানচাপায় প্রাণ গেল শিশুর
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটারিচালিত ভ্যানচাপায় সাইমা খানম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটারিচালিত ভ্যানচাপায় সাইমা খানম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার মনসাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমা আমতলী গ্রামের মৃত শাহজালাল মিয়ার মেয়ে।
শিশুটির দাদা সরওয়ার মিয়া জানান, সকালে সাইমাকে সঙ্গে নিয়ে তিনি মনসাবাড়ি বাজারে যান। বাজার করার সময় হঠাৎ সাইমা হাত ছুটে সড়কে চলে যায় এবং দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা সাইমাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে গোপালগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শিশুটি মারা যায়।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমবি/টিআই

