এবার বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ
চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুবদলের সহসভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল। তাঁরা সবাই বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালিয়ে একটি গাড়িতে করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে আবদুল্লাহ সুমনের বুকে গুলি লাগায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। তবে কী কারণে এই হামলা হয়েছে, তা এখনও জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানা গেলেও এ বিষয়ে কথা বলার জন্য রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এমবি/টিআই

