মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন লরি চালক

চট্টগ্রামের মিরসরাইয়ে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ড্রাম ট্রাকের ধাক্কায় লোহা বহনকারী একটি লরি দুমড়ে মুচড়ে যায়।

Nov 6, 2025 - 12:51
 0  3
মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন লরি চালক

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ড্রাম ট্রাকের ধাক্কায় লোহা বহনকারী একটি লরি দুমড়ে মুচড়ে যায়। এতে লরি চালক নুরু মিয়া (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরাদনগর উপজেলার নেয়ারামতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে লরিটিকে পেছন দিক থেকে আসা ড্রাম ট্রাক ধাক্কা দিলে লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে চালক নুরু মিয়া আসনে আটকা পড়ে যান। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার হায়াতুন্নবী বলেন, ‘প্রায় আধ ঘণ্টার চেষ্টা শেষে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল ভূঁইয়া বলেন, ‘চালক হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তার ডান পা থেঁতলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।’

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, ‘নিহতের লাশ থানায় রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এমবি/টিআই