সব উপজেলায় সাপের কামড়ের অ্যান্টিভেনম পৌঁছে দেওয়ার নির্দেশনা
মেঘনাবার্তা প্রতিনিধি: ওষুধ প্রশাসন অধিদপ্তর দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সাপের কামড়ের অ্যান্টিভেনম পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে। প্রতিটি উপজেলা সদরের কমপক্ষে দুটি ফার্মেসিতে অ্যান্টিভেনম রাখা হবে।
এই তথ্য বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন বেঞ্চে ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিটের আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইকোর্ট ১৭ আগস্ট উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল। স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল।
রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে রাসেলস ভাইপার নিয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, চলতি বছর রাজশাহী মেডিকেল কলেজে ৪১৬ জন সাপের দংশনের শিকার হয়েছেন, এর মধ্যে ৯১টি বিষধর সাপের কামড় এবং ১৮টি চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার)। এ দংশনে মোট ১১ জন মারা গেছেন, যার মধ্যে পাঁচজন চন্দ্রবোড়ার কামড়ে।
বাংলাদেশে বছরে প্রায় চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন, যার মধ্যে প্রায় ৭,৫০০ জনের মৃত্যু হয়। প্রধান বিষধর সাপের মধ্যে রয়েছে গোখরা, কালাচ্ (ক্রেইট), চন্দ্রবোড়া (রাসেলস ভাইপার) ও সবুজ সাপ।
অ্যান্টিভেনম কার্যকর চিকিৎসা হিসেবে ব্যবহার হয়। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর ভারতে তৈরি চারটি প্রধান বিষধর সাপের অ্যান্টিভেনম সংগ্রহ করে সরকারি হাসপাতালে সরবরাহ করছে।
এমবি/এসআর

