চোর সন্দেহে যুবদল নেতার পা ভেঙে দিল স্থানীয়রা

পঞ্চগড়ের আটোয়ারীতে চোর সন্দেহে যুবদলের এক নেতাকে গণপিটুনি দিয়ে পা ভেঙে দিয়েছে স্থানীয়রা।

Nov 8, 2025 - 19:08
 0  2
চোর সন্দেহে যুবদল নেতার পা ভেঙে দিল স্থানীয়রা

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে চোর সন্দেহে যুবদলের এক নেতাকে গণপিটুনি দিয়ে পা ভেঙে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৮ নভেম্বর) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত যুবদল নেতা হামিদুল ইসলাম (৩৫) জেলার বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের নতুনহাট দক্ষিণ শালশিরি এলাকার বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য এবং কামারহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে ত্রিশুলিয়া গ্রামের ভবেশ চন্দ্র রায়ের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকার সময় শব্দ পেয়ে বাড়ির লোকজন জেগে ওঠে। এসময় হামিদুল পালানোর চেষ্টা করলে খালে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে আটক করে মারধর করে। সকালে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুমায়ুন কবির বলেন, হামিদুলের পায়ে একাধিক স্থানে ভাঙা ধরা পড়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝলই শালশিরি ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মানিক বলেন, হামিদুল ওয়ার্ড কমিটির সাধারণ সদস্য। তিনি কোনো গুরুত্বপূর্ণ পদে নেই। শোনা গেছে, রাতে এক নারীর সঙ্গে দেখা করতে গিয়ে ভুল বোঝাবুঝির জেরে তাকে চোর সন্দেহে পিটিয়ে আহত করা হয়।

অভিযোগকারী ভবেশ চন্দ্র রায় জানান, “আমি থানায় অভিযোগ করতে গিয়েছিলাম। তবে পুলিশ বলেছে, চাইলে পরে মামলা করা যাবে। তাই আপাতত লিখিত দিয়েছি।”

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, “চোর সন্দেহে স্থানীয়রা হামিদুলকে মারধর করেছে। তার অবস্থা গুরুতর। এ ঘটনায় আপাতত কোনো মামলা হয়নি।”

এমবি/টিআই