আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার
আশুলিয়ায় সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আশুলিয়ায় সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (৯ নভেম্বর) রাতে জামগড়া আর্মি ক্যাম্পের সদস্যরা মধ্য গাজীরচট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে জামগড়া আর্মি ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযান শেষে গ্রেপ্তারদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ওহিদুলের ছেলে আফজাল (২৯), আজহার (৩২), রকিবুল (২৩), জুঁই (২৬), আরিফুল ইসলাম (২৩) এবং উত্তর গাজীরচট এলাকার কাওসার (২৪)।
যৌথবাহিনী জানায়, আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় এই ছিনতাইকারী চক্র পথচারী ও যাত্রীদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নিচ্ছিল। ভুক্তভোগীদের অভিযোগ এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে রবিবার রাতভর অভিযান পরিচালনা করে ৫টি স্থানে একযোগে তল্লাশি চালানো হয়।
অভিযানে ৯টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি এবং ৯টি অপরাধমূলক প্রমাণসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আশুলিয়া-বাইপাইল সড়ক এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আরও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এমবি/টিআই

