সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক
ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সন্ধ্যায় গাবখান ব্রিজের পশ্চিম ঢাল এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করে।
আটকরা হলেন—ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের টিপু হাওলাদার, যিনি উপজেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পারদেশীপুর ইউনিয়নের ওলি, যিনি সেখানে ছাত্রলীগের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চারজন যুবক দুটি মোটরসাইকেলে এসে মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে এবং স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। অল্প সময়েই ভিডিওটি ভাইরাল হলে এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশের দাবি, রাজনৈতিক পরিচয়ের আড়ালে টিপু ও ওলি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাসিব মাহমুদ অপু ও সদস্য দিপু—এদের সঙ্গেও তারা রাস্তায় গাছ কেটে অবরোধ, বাড়িঘরে ভাঙচুরসহ বিভিন্ন মামলা মোকাবিলা করছে। স্থানীয়ভাবে ওলিকে “ভাড়াটিয়া খুনি” বলেও চিহ্নিত করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমবি/টিআই

