পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে, নেমেছে ১১ ডিগ্রিতে

তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও আজ শনিবার সকালে তা কমে নেমে এসেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে।

Dec 6, 2025 - 10:58
 0  2
পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে, নেমেছে ১১ ডিগ্রিতে
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও আজ শনিবার সকালে তা কমে নেমে এসেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। ফলে শীতের তীব্রতা আরও বেড়েছে, বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ।

শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর, যা এ মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। কয়েক দিন ধরে অব্যাহত শীত আর ঘন কুয়াশায় নাকাল স্থানীয়রা।

এর আগে গত মঙ্গলবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। টানা তিনদিন ধরে (বুধবার–শুক্রবার) সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়েছে। ওইদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

শীতের প্রকোপে ইতোমধ্যে হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “টানা কয়েক দিন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে ছিল। আজ তা কমে ১১ ডিগ্রিতে নেমেছে। ডিসেম্বরের শুরুতেই এমন অবস্থা শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে।”

এমবি এইচআর