তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আসা নেতা–কর্মীদের জন্য ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নেতা–কর্মী ও সমর্থকদের ঢাকায় আনতে ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

Dec 22, 2025 - 21:02
 0  2
তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আসা নেতা–কর্মীদের জন্য ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নেতা–কর্মী ও সমর্থকদের ঢাকায় আনতে ১০টি বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ভাড়ার বিনিময়ে আগামী বৃহস্পতিবার এসব বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। একই সঙ্গে সমাবেশে আগতদের সুবিধার্থে নিয়মিত চলাচলকারী বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ ট্রেন পরিচালনার বিপরীতে বাংলাদেশ রেলওয়ে প্রায় ৩৬ লাখ টাকা ভাড়া পাবে। বিএনপির পক্ষ থেকে ১১টি বিশেষ ট্রেনের আবেদন করা হলেও ইঞ্জিন সংকটের কারণে ১০টি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ৮টি নিয়মিত ট্রেনে মোট ১৭টি অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে।

আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকায় তারেক রহমানের অবতরণের কথা রয়েছে। প্রায় ১৭ বছর পর তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি রাজধানীর ৩০০ ফুট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

রেলওয়ে সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়গুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজার–ঢাকা, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা, টাঙ্গাইল–ঢাকা, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা, জয়দেবপুর–ঢাকা সেনানিবাস, পঞ্চগড়–ঢাকা, খুলনা–ঢাকা, পাবনার চাটমোহর–ঢাকা সেনানিবাস, রাজশাহী–ঢাকা ও যশোর–ঢাকা—এই ১০টি রুটে বিশেষ ট্রেন পরিচালিত হবে। প্রতিটি ট্রেন কর্মসূচি শেষে যাত্রীদের নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।

বিশেষ ট্রেন চলাচল নিশ্চিত করতে এক দিনের জন্য কয়েকটি নিয়মিত ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এগুলো হলো—রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) ও রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী)। এতে নিয়মিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলপথ মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, লোকোমোটিভ ও কোচের তীব্র সংকট থাকা সত্ত্বেও গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণ সহজ করতে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ১০টি বিশেষ ট্রেন এবং অতিরিক্ত কোচ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিএনপিকে নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে।

তিনি আরও জানান, বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ ব্যবহারের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা–২০২৫ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

এমবি এইচআর