আসন্ন নির্বাচনে অংশ নিতে পদ ছাড়ছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি ভোট করব, পদত্যাগ করে নির্বাচন করব।”
তিনি আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কাছে তিনি ঝিনাইদহ–১ আসনের মনোনয়ন চেয়েছেন। “আমি আশাবাদী যে বিএনপি আমাকে নমিনেশন দেবে,” বলেন আসাদুজ্জামান।
ঝিনাইদহ–১ আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। এ বিষয়ে তিনি বলেন, “আমি এখনও অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি। তবে সময় এলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেব।”
অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মোহাম্মদ আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে সেই পদ থেকে পদত্যাগ করে তিনি দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন।
এমবি এইচআর

