দেশে বৈদেশিক বিনিয়োগে রেকর্ড গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে
মেঘনাবার্তা প্রতিনিধি: গণ-অভ্যুত্থান-পরবর্তী প্রথম বছরেই বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগে (এফডিআই) রেকর্ড বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এফডিআই বেড়েছে ১৯.১৩ শতাংশ—যা বৈশ্বিক প্রবণতার সম্পূর্ণ বিপরীত এক অর্থনৈতিক সাফল্য।
বিডার জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মণ্ডল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণত রাজনৈতিক অস্থিরতা বা সরকার পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ কমে যায়, কিন্তু বাংলাদেশ এই ধারাকে উল্টে দিয়েছে।
বিশ্বব্যাংকের ডাটা বিশ্লেষণ অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে যেসব দেশে গণ-অভ্যুত্থান ঘটেছে, সেসব দেশে পরবর্তী এক বছরে এফডিআই তীব্রভাবে হ্রাস পেয়েছে।
উদাহরণস্বরূপ—
-
শ্রীলঙ্কায় (২০২২ সালের পর) এফডিআই কমেছে ১৯.৪৯%,
-
চিলিতে (২০১৯ সালের পর) ২৫.৬৮%,
-
সুদানে (২০২১ সালের পর) ২৭.৬০%,
-
ইউক্রেনে (২০১৪ সালের পর) ৬১.২১%,
-
মিসরে (২০১১ সালের পর) ১০৭.৫৫%,
-
ইন্দোনেশিয়ায় (১৯৯৮ সালের পর) ১৬১.৪৯% হ্রাস পেয়েছে।
এর বিপরীতে বাংলাদেশের এই উল্টো প্রবণতা— অর্থনীতির স্থিতিশীলতা ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থার প্রতীক বলে মনে করছে বিডা।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন,“বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো—প্রতিকূলতার মধ্যেও দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। এই পরিসংখ্যান সেটারই প্রতিফলন।”
তিনি আরও বলেন,“সঠিক অর্থনৈতিক নীতি, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত প্রচেষ্টা, এবং প্রাইভেট সেক্টরের অদম্য উদ্যমের ফলেই এই সাফল্য এসেছে। আমরা শিগগিরই পুরো বছরের একটি রিপোর্ট কার্ড প্রকাশ করব।”
এমবি/এসআর

