সমালোচনার পর মাকে জড়িয়ে ধরে কাঁদলেন রিপন মিয়া
মেঘনাবার্তা বিনোদন: দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, যাকে সবাই ‘রিপন ভিডিও’ নামে চেনেন, সম্প্রতি এক বিতর্কের কেন্দ্রে। এটিএন নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে—খ্যাতির চূড়ায় উঠলেও নিজের গরিব মা-বাবার পরিচয় দিতে লজ্জা পান তিনি।
সংবাদে রিপনের মা অভিযোগ করেন, “খুব কষ্ট করে মানুষ করেছি, এখন সে পরিচয় দেয় না। আমরা গরিব—ওর মান-সম্মান নাকি থাকবে না।” তিনি আরও জানান, রিপনের সংসার, স্ত্রী ও সন্তান আছে, কিন্তু মা-বাবার খোঁজখবর তেমন রাখেন না।
এই প্রতিবেদন প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ভক্তরাও হতাশা প্রকাশ করেন। ‘রিপন ভিডিও’ নামের সেই হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাতা হঠাৎই হয়ে ওঠেন সমালোচনার মুখপাত্র।
তবে ঘটনার মোড় ঘুরে যায় আরেকটি ভাইরাল ভিডিওতে। সেখানে দেখা যায়, রিপন মিয়া মাকে জড়িয়ে ধরে কাঁদছেন। কাঁদতে কাঁদতে আঞ্চলিক ভাষায় বলছেন, “তোমারে দেহি না আমি? আব্বারে দেহি না আমি? তুমি ইড্ডা কী করলা? আমার জীবনডা শেষ করলা!”
ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ বলছেন, “মায়ের কান্নাই সত্য,” আবার কেউ রিপনের পক্ষে লিখেছেন, “মিডিয়া বিষয়টা অতিরঞ্জিত করেছে।”
তবে একটি বিষয় স্পষ্ট—রিপন মিয়া এখন যেমন জনপ্রিয়তার চূড়ায়, তেমনি মানবিকতার প্রশ্নেও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এমবি/এসআর

