মা হলেন পরিণীতি চোপড়া
মেঘনাবার্তা প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সকালে দিল্লির একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।
এক যৌথ বিবৃতিতে পরিণীতি ও তার স্বামী, রাজনীতিক রাঘব চাড্ডা জানান, “অবশেষে তিনি এসেছেন। আমাদের ছেলে হয়েছে। আমরা আক্ষরিক অর্থে আগের জীবনকে স্মরণ করতে পারি না! আমাদের হৃদয় পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সব কিছু রয়েছে।”
ছেলের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে সন্তানের আগমনের খবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। অনন্যা পাণ্ডে, কৃতি শ্যাননসহ বলিউডের অনেক তারকাই অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে।
শনিবার অন্তঃসত্ত্বা পরিণীতি শ্বশুরবাড়ি দিল্লিতে পৌঁছান এবং আজ সকালে হাসপাতালে ভর্তি হন।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে দিল্লির কাপুরথালা হাউসে বাগদান ও সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন পরিণীতি ও রাঘব। চলতি বছরের আগস্টে তারা জানিয়েছিলেন, তাদের প্রথম সন্তান আসছে—আজ সেটিই বাস্তব হলো।
এমবি/এসআর

