বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন জাহ্নবী কাপুর

Oct 25, 2025 - 10:56
 0  1
বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন জাহ্নবী কাপুর

মেঘনাবার্তা বিনোদন ডেস্ক: বলিউডের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর এবার অভিনয় থেকে সাময়িক বিরতি নিতে যাচ্ছেন। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর মাত্র সাত বছরে ১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সাফল্য ও ব্যর্থতার মিশেলে তার ক্যারিয়ারের পথচলা ছিল বেশ উত্থান-পতনের।

‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’–তে অভিনয়ের প্রশংসা পেলেও সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, ‘উলঝ’ এবং ‘পরম সুন্দরী’ বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৫ সালে জাহ্নবী অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বছর তিনি নতুন কোনো প্রজেক্টে সই করবেন না। বরং মনোযোগ দেবেন রামচরণের সঙ্গে তার দক্ষিণী সিনেমা পেড্ডি-র শুটিং শেষ করার দিকে।

তবে একটার পর একটা সিনেমা ব্যর্থ হলেও কমেনি তার বাজারমূল্য। পেড্ডি ছবির জন্য পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৬ কোটি রুপি—যেখানে তেলেগু অভিষেক দেওয়ারা পার্ট ওয়ান-এর জন্য নিয়েছিলেন ৫ কোটি। এছাড়া আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির পরবর্তী প্রজেক্টেও তার প্রতি আগ্রহ দেখিয়েছে প্রযোজনা সংস্থা, যেখানে জাহ্নবী দাবি করেছেন ৭ কোটি রুপি পারিশ্রমিক।

সব মিলিয়ে এই ‘কৌশলগত বিরতি’র মাধ্যমে জাহ্নবী কাপুর যেন নিজের সিদ্ধান্তগুলো নতুনভাবে মূল্যায়ন করতে চাইছেন। সম্ভাবনা রয়েছে, ২০২৬ সালে আরও আত্মবিশ্বাসী ও পরিণত এক জাহ্নবীর প্রত্যাবর্তন দেখবে বলিউড।

এমবি/এসআর