এবার আর লুকিয়ে প্রেম নয়, প্রকাশ্যে এলেন পেরি ও ট্রুডো

Oct 27, 2025 - 11:26
 0  3
এবার আর লুকিয়ে প্রেম নয়, প্রকাশ্যে এলেন পেরি ও ট্রুডো

মেঘনাবার্তা প্রতিনিধি: দীর্ঘদিন ধরে গোপনে প্রেমের গুঞ্জন ছিল, অবশেষে প্রকাশ্যে এলেন মার্কিন পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কখনো রেস্তোরাঁয়, কখনো সমুদ্রপারে—এমন সব ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছেন তারা, এবার একসঙ্গে জনসমক্ষে হাত ধরাধরি করে দেখা গেল এই আলোচিত জুটিকে।

বিনোদনভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, শনিবার প্যারিসের ক্রেজি হর্স ক্যাবারে শোতে অংশ নিতে একসঙ্গে যান পেরি ও ট্রুডো। পেরির জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দুজনকে বেশ খুশি মনে দেখা গেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষে হাসিমুখে হাত ধরাধরি করে বের হচ্ছেন তারা। সেদিন পেরি পরেছিলেন লাল রঙের পোশাক, আর ট্রুডো ছিলেন কালো স্যুটে।

এর আগে যুক্তরাষ্ট্রের সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এমনকি তাদের গভীর চুম্বনের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

‘পিপল’ ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয় প্রথম ঘনিষ্ঠভাবে দেখা যায় এই জুটিকে। সেখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত। এরপর পেরির ব্যস্ত ট্যুরের ফাঁকে ক্যালিফোর্নিয়ায়ও দেখা করেছেন ট্রুডো।

উল্লেখ্য, গত জুনে কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের বাগদান ভেঙে যায়। ঠিক এক মাস পর থেকেই ট্রুডোর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ায়।

অন্যদিকে, জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ২০২৩ সালের আগস্টে ১৮ বছরের দাম্পত্যজীবনের ইতি টানার ঘোষণা দেন। তাদের তিন সন্তান—১৭ বছরের জেভিয়ার, ১৬ বছরের এলা গ্রেস ও ১১ বছরের হাদ্রিয়েন—বর্তমানে মায়ের সঙ্গেই থাকছেন।

এমবি/এসআর