প্রিয় নায়কের ন্যায়বিচারে মানববন্ধনের ডাক দিলেন সালমান ভক্তরা

Oct 30, 2025 - 17:11
 0  2
প্রিয় নায়কের ন্যায়বিচারে  মানববন্ধনের ডাক দিলেন সালমান ভক্তরা

মেঘনাবার্তা প্রতিনিধি: বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু মামলাটি আদালতের নির্দেশে অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপ নেওয়ার পর আবারও জেগে উঠেছে ভক্তদের আবেগ ও ক্ষোভ। প্রিয় নায়কের ন্যায়বিচারের দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন সালমান ভক্তরা।

জানা গেছে, আগামী শনিবার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এই মানববন্ধন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সালমানপ্রেমীরা সেখানে অংশ নেবেন।

‘সালমান শাহ’র ভক্তরা’ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও রহস্য উন্মোচিত হয়নি। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিত হত্যা, যার সঙ্গে যুক্ত আছেন সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই ও অভিনেতা ডনসহ আরও কয়েকজন।

আয়োজকরা বলেন, নতুন করে দায়ের হওয়া হত্যা মামলার দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবিতেই এই কর্মসূচি। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই সালমানপ্রেমীরা দেশজুড়ে মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

আয়োজক কমিটির এক সদস্য বলেন, “সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের নবজাগরণের প্রতীক। তার প্রতি ন্যায়বিচার মানেই দেশের সিনেমার প্রতি শ্রদ্ধা।”

এমবি/এসআর