নিজের ৫০ বছরের লুক দেখার অপেক্ষায় পরীমনি ; মুক্তির অপেক্ষায় ‘ডোডোর গল্প’
মেঘনাবার্তা প্রতিনিধি: অবশেষে মুক্তির মিছিলে নাম লিখলেন পরী মণি। সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’-এর মুক্তি সামনে রেখে প্রচারণা শুরু করতে এসে নিজের অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। ছবিতে নিজের পঞ্চাশ বছর বয়সী রূপ দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানান।
প্রচারণার শুরুতেই ভক্তদের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে পরী মণিকে। তিনি জানান, ইনবক্সে ভক্তরাই তাকে সিনেমাটির মুক্তির খবর পাঠাচ্ছেন। বিষয়টি নিয়ে ভীষণ উত্তেজনা প্রকাশ করে তিনি বলেন, “ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। প্রমোশনটা যে ভক্তদের হাত ধরে শুরু হয়েছে, এটা আমার জন্য দারুণ একটা ব্যাপার।”
‘ডোডোর গল্প’-এর কাজকে তিনি ‘লাইফটাইম এক্সপেরিয়েন্স’ হিসেবে অভিহিত করেছেন। দুই বছর আগে কাজ শেষ হলেও ছবিটির স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।
নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে পরী মণি জানান, এখানে বয়সের একটি জার্নি দেখানো হয়েছে, একদম টিনেজ বয়স থেকে পঞ্চাশ বছরের বেশি বয়স পর্যন্ত। তিনি বলেন, “আমি মনে হয় ৫০ বছরের ওপরে যেই লুকটা হয়, সেরকম একটি লুক দিয়েছি। ওই পঞ্চাশ বছর বয়সী লুকটা দেখার জন্যই বেশি অপেক্ষা করছি, কখন এই লুকটা আসবে এবং সিনেমার শেষ অংশটা দেখার জন্য।”
তবে সিনেমার গল্পের বিষয়ে খুব বেশি কিছু ফাঁস করতে চান না নায়িকা। সংবাদ সম্মেলনের একপর্যায়ে কিছুটা রহস্যময় ভঙ্গিতে তিনি সবাইকে অনুরোধ করেন, “প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করবেন না, তাহলে আমি অনেক কিছু বলে দেবো।”
এমবি/এসআর

