অশান্ত নেপালের হাল ধরবেন কে? ছাত্র-যুবারা চাইছেন কাঠমান্ডুর মেয়রকে

কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ ২০২২ সালে নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে জয়ী হন। নেপালের প্রতিষ্ঠিত দলগুলোর রাজনীতিবিদদের হারিয়ে অনেককে চমকে দিয়েছিলেন তিনি।

Sep 9, 2025 - 19:28
 0  2
অশান্ত নেপালের হাল ধরবেন কে? ছাত্র-যুবারা চাইছেন কাঠমান্ডুর মেয়রকে
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: টানা দুই দিন ধরে ছাত্র-যুবাদের বিক্ষোভ আর সহিংসতার মধ্যে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নতুন প্রধানমন্ত্রী কে হবেন এ প্রশ্নে এখন সবার নজর রাজধানী কাঠমাণ্ডুর মেয়র বলেন্দ্র শাহ ওরফে বলেন এর দিকে।

অনলাইন প্রচারকারীরাও তাকেই নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য উৎসাহিত করছে বলে জানিয়েছে ভারতীয় পত্রিকা এনডিটিভি।

নিবন্ধনহীন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ বন্ধ করে দেওয়ায় রুষ্ট তরুণ-যুবা বিক্ষোভকারীরা সোমবার কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। তারা দুর্নীতি এবং ব্যবস্থার সংকট নিয়েও প্রশ্ন তোলে।

বিক্ষোভ পরে সহিংসতায় রূপ নিলে পুলিশের গুলিতে শিক্ষার্থীসহ ১৯ জন প্রাণ হারান। এরপরই আন্দোলনের ঝাঁঝ আরও বেড়ে যায়। বাধ্য হয়ে সরকার সোশাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুললেও প্রধানমন্ত্রীর পদত্যাগ মূল দাবিতে পরিণত হয়।

বিভিন্ন দল এমনকি ওলির মন্ত্রিসভার অনেক সদস্যও এই দাবিতে সংহতি জানান। র‌্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বলেন্দ্র শাহও বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

এক ফেইসবুক পোস্টে কাঠমান্ডুর মেয়র বলেন, আন্দোলনটি ‘জেন জি’ দের অর্থাৎ, ২৮ বছরের কম বয়সীদের হওয়ায় এতে তিনি সামিল হতে পারছেন না। তবে তিনি বিশ্বাস করেন ছাত্র-যুবা বিক্ষোভকারীদের কণ্ঠ শোনা উচিত।

পোস্টে তিনি লেখেন, “আমি তাদের (আন্দোলনকারী) ইচ্ছা, লক্ষ্য এবং ভাবনার কথা জানতে চাই।” এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার না-করার জন্য তিনি নেপালের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান।

সশরীরে হাজির না-থাকলেও আন্দোলনকে ‘পূর্ণ সমর্থন’ জানান বলেন্দ্র। পরে রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রেন্ডিং ফিগার’ হয়ে ওঠেন বলেন্দ্র। এক্সে কেউ কেউ বলেন্দ্রকে নেতৃত্ব নেওয়ার আহ্বানও জানান।

নেপালের বিক্ষোভ-উত্তাল পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকায় চাপে পড়ে প্রধানমন্ত্রী ওলি পদ ছাড়েন। সেনাবাহিনীর হেলিকপ্টারে তিনি দেশ ছাড়ছেন বলেও গুঞ্জন ছড়ায়। যদিও আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি।

এ পরিস্থিতিতেই অস্থির নেপালের দায়িত্ব কাঠমান্ডুর মেয়র ৩৫ বছর বয়সী বলেন্দ্রর হাতে তুলে দিতে চাইছেন আন্দোলনকারীরা। নেপালের বেশ কয়েকটি সংবাদমাধ্যমও এমন খবর জানিয়েছে।

কে এই বলেন্দ্র শাহ?

বলেন্দ্র কাঠমান্ডুর মেয়র। ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে ৬১ হাজার ভোটে জয়ী হন তিনি। প্রতিষ্ঠিত দলগুলোর রাজনীতিবিদদের হারিয়ে নেপালের অনেককেই চমকে দিয়েছিলেন তিনি।

১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্ম বলেন্দ্রের। নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তিনি। পরে উচ্চশিক্ষা নিয়েছেন ভারতের বিশ্ববিদ্যালয় থেকে।

নেপালে র‌্যাপার এবং সুরকার হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। নিজের সুরারোপ করা গানেও দুর্নীতি এবং আর্থিক বৈষম্য নিয়ে বিদ্রুপ করেছেন বলেন্দ্র।

র‌্যাপার হিসাবে পাওয়া জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। করেন জয়লাভও।

এমবি এইচআর