ইয়েমেনে জাতিসংঘ ভবনে হুতি বিদ্রোহীদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের একটি ভবনে শনিবার হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তবে জাতিসংঘ নিশ্চিত করেছে, ভবনে থাকা সব কর্মীই নিরাপদে আছেন।
জাতিসংঘের ইয়েমেন আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম জানান, আনসার আল্লাহ নামে পরিচিত হুতি নিরাপত্তা সদস্যরা অবৈধভাবে জাতিসংঘ কম্পাউন্ডে প্রবেশ করে। সেখানে বর্তমানে ১৫ জন আন্তর্জাতিক কর্মী অবস্থান করছেন।
তিনি বলেন, “সর্বশেষ তথ্য অনুযায়ী, সবাই নিরাপদে আছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।” আলম আরও জানান, জাতিসংঘ এ ঘটনায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।
এর আগে ৩১ আগস্ট একই ধরনের ঘটনায় হুতিরা সানার জাতিসংঘ কার্যালয় থেকে ১১ জনেরও বেশি কর্মীকে আটক করে। পরে তারা অভিযোগ করে, ওই কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন।
জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক এ বিষয়ে বলেন, “আমরা আমাদের ৫৩ জন সহকর্মীর নির্বিচারে আটকের অবসান চাই।” তিনি হুতি নেতা আবদেলমালেক আল-হুতির অভিযোগকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন।
ইরান-সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী সম্প্রতি জাতিসংঘ কর্মীদের বিরুদ্ধে দমনপীড়ন বাড়িয়েছে। এর ফলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে জাতিসংঘ তাদের মানবিক সমন্বয়কারীকে সানা থেকে সরিয়ে আদেনে স্থানান্তর করে।
জাতিসংঘ জানিয়েছে, দশ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেন বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি।
এমবি/এসআর

