আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০
উত্তর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
উত্তর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার ভোরে স্থানীয় সময় রাত ১টার দিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফের কাছে এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৩ এবং গভীরতা ছিল প্রায় ২৮ কিলোমিটার। ঘটনাস্থলকে ‘কমলা সতর্কতা স্তর’-এ চিহ্নিত করা হয়েছে, যা উল্লেখযোগ্য প্রাণহানির ঝুঁকি নির্দেশ করে।
তালেবান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান আমার জানান, এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ৩২০ জনেরও বেশি আহত হয়েছেন। প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, বহু এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে এবং উদ্ধার দল দুর্গম অঞ্চলে পৌঁছাতে চেষ্টা করছে।
বালখ প্রদেশের তালেবান মুখপাত্র হাজি জায়েদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, মাজার-ই-শরিফের দক্ষিণে শোলগারা জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, অনেক মানুষ ভূমিকম্পের সময় আতঙ্কে উঁচু ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন।
ভূমিকম্পের পর শহরের রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বাসা থেকে বেরিয়ে উন্মুক্ত স্থানে অবস্থান নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ঐতিহাসিক নীল মসজিদের (ব্লু মসজিদ) চত্বর জুড়ে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ।
উল্লেখ্য, আগস্টের শেষদিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার আরেকটি ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় নিয়মিতই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়।
এমবি এইচআর

