শ্রীলঙ্কায় জরুরি অবস্থা: ঘূর্ণিঝড় ‘দিতওয়া’-য় মৃত ১৩২, নিখোঁজ ১৭৬
ঘূর্ণিঝড় ‘দিতওয়া’-র প্রভাবে টানা ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে, আর নিখোঁজ রয়েছেন ১৭৬ জন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় ‘দিতওয়া’-র প্রভাবে টানা ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে, আর নিখোঁজ রয়েছেন ১৭৬ জন। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। একই সঙ্গে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে—ভারি বৃষ্টিতে ১৫ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৭৮ হাজার মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ, বিশেষ করে বদুল্লা জেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
ডিএমসি’র মহাপরিচালক সম্পাথ কোটুউইগোদা জানান, সেনা, নৌ ও বিমানবাহিনীকে মোতায়েন করায় উদ্ধার কার্যক্রম জোরদার হয়েছে। শুধু অনুরাধাপুরাতেই টানা ২৪ ঘণ্টার অভিযানে এক জার্মান পর্যটকসহ ৬৯ জনকে হেলিকপ্টার ও নৌযানের সাহায্যে উদ্ধার করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী হারিনি আমরাসুরিয়া কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। প্রথম সাড়া দিয়েছে ভারত—দুটি বিমানে জরুরি ত্রাণ পাঠিয়েছে দেশটি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে আরও সহায়তার ঘোষণা দিয়েছেন। বিদেশে থাকা শ্রীলঙ্কানদেরও নগদ সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে সরকার।
ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ এখন ভারতের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে।
২০১৭ সালের পর এটিই শ্রীলঙ্কার সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
এমবি এইচআর

