ডিবি হারুন ও সাবেক আইজি বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ
সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জা ও কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জা ও কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের করা পৃথক তিন আবেদনের শুনানি শেষে ঢাকার কর অঞ্চল–২০ কর্তৃপক্ষকে এ নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তিনজনের আয়কর নথি সংগ্রহ ও জব্দের আবেদন করেন। মামলার বিবরণে বলা হয়, মোহাম্মদ হারুন অর রশীদ সরকারি ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি পর্যালোচনা করা প্রয়োজন।
একইভাবে জীশান মির্জার বিরুদ্ধে ১৬ কোটির বেশি সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ৩১ কোটির বেশি মূল্যমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ভোগদখলের অভিযোগ রয়েছে। তদন্তে বলা হয়েছে, এ প্রক্রিয়ায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বেনজীর আহমেদ সরাসরি তাকে সহায়তা করেছেন।
তাহসীন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধেও ৫ কোটির বেশি মূল্যমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে তার আয়কর রেকর্ড জব্দের আবেদন করে দুদক। আদালত তিনটি আবেদনই গ্রহণ করে প্রয়োজনীয় নথি জব্দের নির্দেশ প্রদান করেন।
এমবি এইচআর

