তত্ত্বাবধায়ক বাতিলের রায়ই আজকের রাজনৈতিক অস্থিরতার মূল : বিএনপির আইনজীবী

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ই দেশের বর্তমান রাজনৈতিক সংকটের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

Nov 2, 2025 - 12:52
 0  1
তত্ত্বাবধায়ক বাতিলের রায়ই আজকের রাজনৈতিক অস্থিরতার মূল : বিএনপির আইনজীবী
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি:
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ই দেশের বর্তমান রাজনৈতিক সংকটের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছিল সব দলের আস্থার প্রতীক, যা বাতিল করেই দেশে অব্যাহত রাজনৈতিক অস্থিরতার পথ খুলে দেওয়া হয়।

রোববার (২ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) সংক্রান্ত আপিলের ষষ্ঠ দিনের শুনানিতে তিনি এই বক্তব্য দেন।

আদালতে বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে ২১ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আপিল বিভাগের শুনানি চলে। রিটকারী বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ মোট পাঁচজন এ বিষয়ে আপিল করেছেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে যুক্ত হয় ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তবে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংশোধনীটি বাতিল ঘোষণা করে। ওই রায়ের ভিত্তিতেই পরে সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।

এ রায়ের পুনর্বিবেচনা চেয়ে ২০২৪ সালে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট নাগরিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই রায়ই পরবর্তীতে দেশের নির্বাচনী প্রক্রিয়ায় অবিশ্বাস, সংঘাত ও রাজনৈতিক অনিশ্চয়তার জন্ম দিয়েছে।

এমবি এইচআর