৪ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, নিজের এনআইডি নিবন্ধিত সিম কতটি জানবেন যেভাবে

Oct 26, 2025 - 16:17
 0  2
৪ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, নিজের এনআইডি নিবন্ধিত সিম কতটি জানবেন যেভাবে

মেঘনাবার্তা প্রতিনিধি: কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে। এই সময়সীমার মধ্যে পদক্ষেপ না নিলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (২৬ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যেক গ্রাহক নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন। পছন্দমতো ১০টি সিম রেখে এর বাইরে থাকা অতিরিক্ত সিমসমূহ ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ বা মালিকানা পরিবর্তন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে ব্যবহারকারীরা *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে তথ্য জানতে পারবেন।

বিটিআরসি সতর্ক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে সেই অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

এমবি/এসআর