“বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে”—সিইসি
মেঘনাবার্তা প্রতিনিধি:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। দেশের গণতন্ত্রের পথে কোনভাবে এগোবে, তা নির্ভর করছে আগামী নির্বাচনের সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থাপনার ওপর।
সোমবার (৩ নভেম্বর) তিনি জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া এবং আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
সিইসি বলেন, “নির্বাচনে আনসার সদস্যদের বিশাল ভূমিকা থাকবে। সংখ্যার দিক থেকে এটি সর্ববৃহৎ বাহিনী। সাধারণ ধারায় কাজ করলে হবে না, এর বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের পথে দেশ কীভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। ভবিষ্যতের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব, সেটা ভাবতেই সারাক্ষণ ব্যস্ত থাকি। আমি এই দায়িত্বকে চাকরি নয়, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ক্রিটিক্যাল পরিস্থিতিতে সাধারণ নিয়মে কাজ যথেষ্ট নয়।”
সিইসি এও উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কার্যক্রমে প্রায় ১০ লাখ মানুষ যুক্ত থাকবেন। এবার জেলাগত ভোটার এবং প্রবাসীদের জন্যও অ্যাপের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
তিনি জানান, ১৬ নভেম্বর পোস্টাল ব্যালটের অ্যাপ লঞ্চ করা হবে, যেখানে নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিরাও ভোট দিতে পারবেন। ভোটারদের বাড়ির ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছে যাবে।
সিইসি সবাইকে সচেতন করে বলেন, “ব্যক্তিগত পর্যায়ে যাদের সঙ্গে যোগাযোগ হয় তাদের বুঝিয়ে দিন—সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলেই যাচাই ছাড়া যেন তা শেয়ার না করা হয়। এটা এখন মানুষের অভ্যাস হয়ে গেছে; সঙ্গে সঙ্গে বিশ্বাস করে শেয়ার করা হচ্ছে।”
এছাড়া, এ এম এম নাসির উদ্দিন জানান, এআই অপব্যবহার রোধে একটি সেল তৈরি করা হয়েছে, যেখানে যে কোনো ঘটনার সত্য-মিথ্যা যাচাই করা যাবে।
এমবি/এসআর

