অনুমতি না পাওয়ায় বাংলাদেশ সফর বাতিল করেছেন ডা. জাকির নায়েক
মেঘনাবার্তা প্রতিনিধি: সরকারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ সফর বাতিল করেছেন বিশিষ্ট ইসলামী স্কলার ডা. জাকির নায়েক। আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় দুই দিনের ধর্মীয় লেকচারে অংশ নেওয়ার কথা ছিল তার।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এ তথ্য জানায়। আয়োজক সংস্থাটি জানায়, “নির্বাচনের আগে নয়, ভোটের পর হয়তো অনুমতি মিলবে।”
সরকারি সভায় ‘না’ সিদ্ধান্ত
গত ৪ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে ডা. জাকির নায়েকের সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, তার আগমনে বৃহৎ জনসমাগম ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।
সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান,“নির্বাচন ঘিরে বর্তমানে দেশের সব বাহিনী নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। তাই এই মুহূর্তে জাকির নায়েকের অনুষ্ঠানের মতো বড় আয়োজনে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।”
আয়োজকদের হতাশা ও আশা
সংবাদ সম্মেলনে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিনিধি জানান,“আমরা ৪-৫ বছর ধরে ডা. নায়েককে বাংলাদেশে আনার জন্য কাজ করেছি। সরকার অনুমতি দেওয়ার পর কোটি কোটি টাকার প্রস্তুতি নিয়েছিলাম। এখন অনুমতি না মেলায় আমরা বিস্মিত ও হতাশ।”
তারা আরও জানান, ডা. নায়েক ইতোমধ্যে ২০২৫ সালের ৩১ জুলাই বাংলাদেশের একটি লেকচার প্রোগ্রামে অংশ নেওয়ার বিষয়ে লিখিত সম্মতি দিয়েছিলেন।
তবে সংস্থাটি আশাবাদী যে, জাতীয় নির্বাচনের পর ডা. নায়েকের সফরের নতুন তারিখ ঘোষণা করা হবে।
পেছনের কারণ ও প্রেক্ষাপট
ভারতের বিতর্কিত ইসলামী বক্তা ডা. জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। বিশ্বের বিভিন্ন দেশে তার বক্তৃতা জনপ্রিয় হলেও কিছু দেশে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে তার বিরুদ্ধে জঙ্গিবাদে উসকানির অভিযোগের কারণে।
বাংলাদেশে তার বিপুল জনপ্রিয়তা থাকলেও, নির্বাচনপূর্ব সময়ে সরকার জননিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টি গুরুত্ব দিয়েই সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এমবি/এসআর

