ত্রয়োদশ সংসদ নির্বাচন: মাঠে নামছে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে থাকবেন ৩৭ হাজার ৪৫৩ জন।

Jan 14, 2026 - 13:16
 0  2
ত্রয়োদশ সংসদ নির্বাচন: মাঠে নামছে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে থাকবেন ৩৭ হাজার ৪৫৩ জন। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুপরিকল্পিত ও সমন্বিতভাবে প্রস্তুতি নিয়েছেন। নির্বাচনে বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য ৬১টি জেলায় দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ করা যাবে না, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমবি এইচআর