বিদেশি বিনিয়োগের জন্য এখনও অনুকূল নয় বাংলাদেশ: ইতালির রাষ্ট্রদূত
মেঘনাবার্তা প্রতিনিধি: ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেছেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ এখনও পর্যাপ্তভাবে অনুকূল নয়। তবে তিনি মনে করেন, উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। অবৈধ অভিবাসন বাংলাদেশি পাসপোর্টের মান কমার একটি বড় কারণ।
আজ (১০ নভেম্বর) রাজধানীর বিস মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারকরণ বিষয়ক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। সভায় অংশ নেন বিভিন্ন পেশার বিশেষজ্ঞ ও দুই দেশের সম্পর্ক জোরদার করার বিষয়ে কাজ করা পেশাজীবীরা।
রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, “বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে, যা প্রশংসনীয়। তবে এই প্রচেষ্টা নির্বাচনের পরও অব্যাহত থাকা উচিত। কারণ, বিদেশি বিনিয়োগ হঠাৎ আসে না; স্থানীয় শাসন, আইন ও নিয়মকানুনের উন্নতি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশি পাসপোর্টের মান বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেকটা নিচে। এর মূল কারণ হিসেবে তিনি অবৈধ অভিবাসনকে দায়ী করেন। অনেক বাংলাদেশি অবৈধভাবে বিদেশে যাওয়ার পর আশ্রয় প্রার্থনা করেন, যা পাসপোর্টের র্যাংকিংয়ে নেতিবাচক প্রভাব ফেলে।
রাষ্ট্রদূত বাংলাদেশের অবৈধ অভিবাসন কমিয়ে বিদেশি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান।
এমবি/এসআর

