আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছে। নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও বাদ দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Nov 14, 2025 - 14:32
 0  2
আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছে। নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও বাদ দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এসব তথ্য তুলে ধরেন। পরে শুক্রবার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু জানানো হয়।

প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সময়সূচি অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি অংশগ্রহণমূলক হবে। তিনি বলেন, অন্তত ১০ লাখ নতুন ভোটার এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন—যারা গত ১৬ বছরের পূর্ববর্তী তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি।

বৈঠকে আগামী নির্বাচন, অবৈধ অভিবাসন মোকাবিলা, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও নৌ খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, জুলাই সনদ দেশের জন্য নতুন সূচনা হিসেবে কাজ করবে এবং গত বছরের ঐতিহাসিক অভ্যুত্থানে অংশ নেওয়া জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে।

বৈঠকে মন্ত্রী চ্যাপম্যান অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব ও কার্যক্রমকে ধন্যবাদ জানান। তিনি যুক্তরাজ্যে বিভিন্ন দেশের অভিবাসীদের কারণে আশ্রয় ব্যবস্থার ওপর যে চাপ তৈরি হচ্ছে তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শোষণ রোধে নিরাপদ ও বৈধ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

এমবি এইচআর