ভিয়েতনাম থেকে সৌদি—কেন এত দেশ ভিসা দিচ্ছে না বাংলাদেশিদের?

Nov 16, 2025 - 12:00
Nov 16, 2025 - 12:01
 0  2
ভিয়েতনাম থেকে সৌদি—কেন এত দেশ ভিসা দিচ্ছে না বাংলাদেশিদের?

মেঘনাবার্তা প্রতিনিধি:

বাংলাদেশিদের জন্য বিশ্বের বহু দেশের ভিসা পাওয়া এখন ক্রমেই কঠিন হয়ে উঠছে। উচ্চশিক্ষা, পর্যটন বা চাকরির উদ্দেশ্যে আবেদন করেও ভিসা না পাওয়ার অভিযোগ বাড়ছে। ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো আগে যেসব দেশ সহজেই ভিসা দিত, তারাও এখন নানা অজুহাতে আবেদনকারীদের ফিরিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন ভ্রমণ ও অভিবাসন খাতের সংশ্লিষ্টরা।

২০২৪ সালের পাঁচই অগাস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনের পর টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত।

দেশটির এই সিদ্ধান্তকে অনেকটা রাজনৈতিক হিসেবে দেখা হলেও ঘোষণা ছাড়াই ইউরোপ, অ্যামেরিকাসহ এশিয়ার অনেক দেশ থেকে সব ধরনের ভিসা পাওয়াই কঠিন হয়ে উঠেছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

স্কলারশিপ পাওয়া সত্ত্বেও ভিসা সমস্যার কারণে বিদেশে যেতে না পারা শিক্ষার্থী তানজুমান আলম ঝুমার অভিজ্ঞতা তারই একটি উদাহরণ। এক বছরের বেশি সময় ধরে হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের স্কলারশিপ নিশ্চিত করেও শেষ মুহূর্তে ভিসা না পাওয়ায় তিনি যেতে পারেননি।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের পেছনে রয়েছে কয়েকটি কারণ—
১. ভিসার অপব্যবহার: ভ্রমণ বা পড়াশোনার ভিসা নিয়ে অনিয়মিত পথে অন্য দেশে পাড়ি জমানোর প্রবণতা বাড়ায় অনেক দেশ সতর্ক হয়ে উঠেছে।
২. অভিবাসন-সংক্রান্ত ঝুঁকি: কিছু অসাধু ব্যবসায়ী ভ্রমণ ভিসায় লোক পাঠিয়ে পরে তা শ্রমিক ভিসায় রূপান্তর করার কাজ করছেন—এমন অভিযোগও রয়েছে।
৩. দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব: সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও বাইরে গিয়ে দলীয় বিবাদে জড়ানোর ঘটনাগুলো দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।
৪. পাসপোর্টের দুর্বল র‍্যাংকিং: হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচকে বাংলাদেশের পাসপোর্ট বিশ্বের সপ্তম দুর্বলতম। এতে ভিসা অনুমোদনে বাড়তি সতর্কতা দেখা যায়।

ট্যুর অপারেটররা জানাচ্ছেন, ভারত ছাড়া অন্যান্য দেশ আনুষ্ঠানিকভাবে ভিসা বন্ধ ঘোষণা না করলেও অনেক ক্ষেত্রে ভিসা দেওয়া হচ্ছে না। ভারতও বর্তমানে পর্যটন ভিসা বন্ধ রাখায় কার্যত দক্ষিণ এশিয়ায় ভ্রমণের পথও সংকীর্ণ হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কাতার, ওমান, বাহরাইন, সৌদি আরব, উজবেকিস্তান, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ভিসা পেতে জটিলতা বেড়েছে বলে জানিয়েছেন টোয়াবসহ খাতসংশ্লিষ্টরা।

বিশ্লেষকরা মনে করেন, সমস্যার মূল সমাধান দেশের ভেতরেই। অবৈধভাবে লোক পাঠানো চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ফিরতে পারে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগ জোরদার করা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাও জরুরি।

এমবি/এসআর