সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’; সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ
মেঘনাবার্তা প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সাত সরকারি কলেজকে একত্র করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারি সাত কলেজ— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ—কে কেন্দ্র করে এই নতুন বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়মতো পরীক্ষা, ফল প্রকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবির আলোকে এই সিদ্ধান্ত এসেছে।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খসড়াটি গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ নাগরিকসহ বিভিন্ন অংশীজনের কাছ থেকে পাঁচ হাজারেরও বেশি মতামত পাওয়া যায়। পাশাপাশি তিনটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। এসব মতামত পর্যালোচনা করে অধ্যাদেশটি পুনর্মূল্যায়ন ও সংশোধনের কাজ চলছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পুরো প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ধারাবাহিক রাখতে একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি, রেজিস্ট্রেশন এবং ক্লাস পরিচালনার বিষয়ে সাত কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী প্রশাসনের একটি অপারেশন ম্যানুয়েলও অনুমোদন হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী আগামী ২৩ নভেম্বর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাত কলেজের শিক্ষক ও কর্মচারীদের পদ সংরক্ষণ, সম্পদ ব্যবস্থাপনা, উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা—সব মিলিয়ে বিষয়টি অত্যন্ত জটিল। তাই আইনগত ও বাস্তবসম্মত প্রক্রিয়া অনুসরণ করেই অধ্যাদেশ চূড়ান্ত করা হবে। এতে সময় লাগলেও সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সহজ হবে বলে মন্ত্রণালয়ের আশা।
বিজ্ঞপ্তিতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলা হয়, ব্যক্তিগত ধারণা বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি না ছড়িয়ে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে।
এমবি/এসআর

