বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন
বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিএনপিকে এই আন্দোলনের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা কোনোভাবেই সফল হবে না।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিএনপিকে এই আন্দোলনের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা কোনোভাবেই সফল হবে না।
রোববার (১৯ অক্টোবর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো একটি রাজনৈতিক দলের ফসল নয়, বরং এটি ১৬ বছরের ধারাবাহিক ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ফল। মাত্র ৩৬ দিনের মধ্যে কোনো সরকারের পতন হয়নি—এটি দীর্ঘ সংগ্রামের পরিণতি।”
সালাহউদ্দিন জানান, জুলাই অভ্যুত্থানে বিএনপির ৪২২ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন, যাদের তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, “এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক শহীদের নাম এখনো সংগ্রহাধীন।”
ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) প্রধান নাহিদ ইসলামের বক্তব্যে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সালাহউদ্দিন বলেন, “আমার বক্তব্যের প্রসঙ্গ টেনে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটি আমি সম্মানের সঙ্গে গ্রহণ করছি। রাজনৈতিক মতবিনিময় এভাবেই হওয়া উচিত।”
তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জুলাই অভ্যুত্থানকে কলঙ্কমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। কিছু ভুলভ্রান্তি তরুণদের পক্ষ থেকে হতে পারে, তবে তা অভিজ্ঞতার মাধ্যমে সংশোধন হবে।”
জামায়াতে ইসলামের আমিরের মন্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “তিনি যে আহ্বান জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের ‘ফ্যাসিবাদের দোসর’ বলা উচিত নয়—এ বক্তব্যের সঙ্গে আমি একমত।”
বিএনপির এই নেতা আরও বলেন, “২৪-এর অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে নেতৃত্বের এক শক্তিশালী অধ্যায়। আমরা চাই না এর ইতিহাস বিকৃত হোক বা কলঙ্কিত করা হোক। নতুন প্রজন্মই ভবিষ্যতে এই দেশ পরিচালনা করবে—তাদের হাতেই থাকবে গণতন্ত্র রক্ষার দায়িত্ব।”
তিনি জানান, “কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। বিষয়গুলো তদন্তাধীন, তাই এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।”
শেষে তিনি বলেন, “দেশে অস্থিরতা সৃষ্টির পেছনে পতিত ফ্যাসিবাদী চক্রের ভূমিকা থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু বলা যাবে না।”
এমবি এইচআর

