চার ক্যাম্পাসে শিবিরের জয় রহস্যজনক বলে মন্তব্য নুরের
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের ভূমিধস জয়কে “রহস্যজনক” বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
মেঘনাবার্তা প্রতিনিধি:
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের ভূমিধস জয়কে “রহস্যজনক” বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর এক হোটেলে আয়োজিত ‘পলিটিকস ল্যাব : পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে তিনি বলেন, চারটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয় অপ্রত্যাশিত ও প্রশ্নবিদ্ধ। নুরের মতে, প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হয়েও শিবির যেভাবে আবার সংগঠিত হয়ে ক্যাম্পাসে বিজয়ী হলো, সেটি গভীর অনুসন্ধানের দাবি রাখে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণদের কাছ থেকে এমন সমর্থন পাওয়া আশ্চর্যজনক। তাঁর বিশ্লেষণে, শিবিরের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের কল্যাণভিত্তিক (ওয়েলফেয়ার বেইজড) রাজনীতি। সংগঠনটি সদস্যদের নানা সুবিধা দেয়, এমনকি কিছু হাসপাতালের সঙ্গে চুক্তি করে কম খরচে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থাও রাখে—এই বাস্তব সুবিধাগুলো তরুণদের আকৃষ্ট করছে।
নুর বলেন, রাজনীতিতে এখন এমন এক প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেখানে গ্রামাঞ্চলে যেমন ভোট টাকা দিয়ে কেনা হয়, তেমনি শিক্ষিত তরুণরাও কোনো মূল্যবোধ নয়, ব্যক্তিগত সুবিধার ভিত্তিতে নেতৃত্ব বেছে নিচ্ছেন। এটি দেশের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
সংলাপে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী।
এমবি এইচআর

